মিয়ানমার থেকে আসা পাঁচজনকে ফেরত পাঠাল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারে টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি ঘাটে আসা মিয়ানমারের পাঁচ নাগরিককে তাদের দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেটি ঘাট থেকেই তাদের ফেরত পাঠানো হয় বলে জানা গেছে।
টেকনাফ শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুস সালাম বলেন, “শনিবার বিকেল ৫টার দিকে একটি ছোট ডিঙি নৌকায় মিয়ানমার থেকে আমাদের জেটি ঘাটে আসে পাঁচজন। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে যায়। তাদের মধ্যে একজন নারী গুলিবিদ্ধ অবস্থায় ছিল। শুনেছি আজ সকালে তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।”
আব্দুস সালাম জানান, শনিবার রাতে নাফ নদীর ওপারে মিয়ানমারে কোনো গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা না গেলেও রবিবার সকাল ১০টার দিকে গোলাগুলির শব্দ শোনা গেছে। সীমান্ত এলাকার বাসিন্দারা বেশ কিছুক্ষণ ধরে গোলাগুলির শব্দ শুনেছেন।
সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, উখিয়া উপজেলার পালংখালী ও টেকনাফ উপজেলার হোয়াইকং সীমান্ত শান্ত রয়েছে বলে জানা গেছে। এসব এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সীমান্ত থেকে মিয়ানমারের অনেক ভেতরে তারা গোলাগুলির শব্দ শুনেছেন, তবে তা ভয়াবহ নয়।