নাটোরে সাংবাদিকের বাড়িতে হামলা, সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার
![]()
নিউজ ডেস্ক
নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিক মো. নিশাতের বাড়িতে হামলার ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। চাঁদাবাজি, মারামারি ও মাদকের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে এ হামলার ঘটনা ঘটে।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলার কাপুড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যমতে, সাংবাদিক নিশাত সম্প্রতি এলাকায় সক্রিয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি ও মাদকের মতো অপরাধ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনের পর ক্ষিপ্ত হয়ে ওই গ্যাংয়ের কিছু সদস্য তার বসতবাড়িতে হামলা চালায় এবং ঘরবাড়িতে ভাঙচুর করে।
হামলার পুরো ঘটনা মোবাইল ফোনে ধারণ করে সাংবাদিক নিশাত বাংলাদেশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভিডিও ফুটেজ পাঠান। ভিডিও বিশ্লেষণ করে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মো. উৎস ও মো. কাজিম মোল্লা নামে দুইজন কিশোর গ্যাং সদস্যকে হাতেনাতে আটক করে। পরে তাদের বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে এলাকায় আতঙ্ক কমে আসে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী সাংবাদিক নিশাতের পাশে দাঁড়িয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।