ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানিয়ারচর সেনা জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ ভোট আয়োজনের লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সকালে নানিয়ারচর জোনের উদ্যোগে জোন সদরে আয়োজিত এ সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান।
সভায় তিনি বলেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বরদাস্ত করা হবে না। নির্বাচন যেন শান্তিপূর্ণ পরিবেশে, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
সভায় আরও উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের মেজর মোহাম্মদ নাঈম ও ক্যাপ্টেন রিজুয়ান মাহমুদ রিজন, রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ বিন খলিল ও তামজিদ রহমান, নানিয়ারচর উপজেলা নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী, রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম, লংগদুর রাজানগর বিজিবির সুবেদার রফিকুল ইসলাম ও মাসুম আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
মতবিনিময় সভায় নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন, ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো অপতৎপরতা প্রতিরোধে আগাম প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা জানান, নির্বাচনকে কেন্দ্র করে গুজব, সহিংসতা বা প্রভাব বিস্তারের চেষ্টা রোধে গোয়েন্দা নজরদারি ও মাঠপর্যায়ের তৎপরতা আরও বাড়ানো হবে।
সভা শেষে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় নানিয়ারচরে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও জনআস্থা বজায় রাখতে এ ধরনের সমন্বয় সভাকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।