মোটরসাইকেল-আইফোনের লোভে অপহরণের নাটক, দীঘিনালায় সেনা অভিযানে কলেজছাত্র উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি-এমন চাঞ্চল্যকর ঘটনার অবসান ঘটেছে খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের তৎপরতায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আত্মগোপনে থাকা এক কলেজছাত্রকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, গতকাল বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে মোঃ মুরাদ হোসেন (১৯) কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হলে বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান না পেয়ে পরিবার দীঘিনালা জোনের সহায়তা নেয় এবং দীঘিনালা থানায় একটি সাধারণ ডায়েরি করে।
ডায়েরির সূত্র ধরে সেনাবাহিনীর দীঘিনালা জোন কর্তৃক তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে দীঘিনালা জোনের একটি টিম ছোট মেরুং এলাকা থেকে মোঃ মুরাদ হোসেনকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে জোন কর্তৃপক্ষ তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।
উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে মোঃ মুরাদ হোসেন স্বীকার করেন, মোটরসাইকেল ও আইফোন কেনার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে তিনি নিজেই অপহরণ ও মুক্তিপণের এই ঘটনাটি সাজিয়েছিলেন। তার এই স্বীকারোক্তিতে পুরো ঘটনাটি পরিকল্পিত নাটক বলে নিশ্চিত হয় সংশ্লিষ্টরা।
উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় অনুযায়ী, মোঃ মুরাদ হোসেন (১৯) পিতা মোঃ মিলন মিয়া, গ্রামের নাম বাঘাইহাট, সাজেক, রাঙামাটি জেলার বাসিন্দা।
প্রসঙ্গত, সেনাবাহিনীর দীঘিনালা জোনের দ্রুত ও সমন্বিত গোয়েন্দা তৎপরতার ফলে একটি সম্ভাব্য অপরাধমূলক পরিস্থিতি বড় ধরনের সামাজিক আতঙ্কে রূপ নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আসে, যা স্থানীয়ভাবে নিরাপত্তা ও আস্থার পরিবেশ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।