সাজেকে মানবিক সেবায় বিজিবি, অসহায় দম্পতিকে আর্থিক সহায়তা ও চিকিৎসা সেবা
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক এলাকায় দুর্গম পাহাড়ি জনপদের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)। সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিয়মিত সহায়তা কার্যক্রম পরিচালনা করছে এই ব্যাটালিয়ন।
গতকাল বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সাজেক ইউনিয়নের মাসালং ৯ নম্বর ত্রিপুরা পাড়ার বাসিন্দা জোনাল ত্রিপুরা ও তার স্ত্রীকে নগদ আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।
বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে ব্যাটালিয়নের প্রধান সহকারী নায়েব সুবেদার মোঃ গোলাম গাউস ওই দম্পতির হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

একই সঙ্গে ব্যাটালিয়নের মেডিকেল জেসিও নায়েব সুবেদার মোঃ আজাদুর ইসলাম অসুস্থদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের চিকিৎসাসেবার ঘাটতি বিবেচনায় নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে।
এসব মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠী প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে ধারণা পাচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চিকিৎসাসেবাকে অগ্রাধিকার দিয়ে এসব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানায় বিজিবি।
এছাড়াও পাহাড়ি এলাকায় বসবাসরত বিভিন্ন ধর্মাবলম্বীর ধর্মীয় চাহিদা পূরণে সহযোগিতা করছে বিজিবি। মন্দির, বৌদ্ধ বিহারসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রাখছে এই বাহিনী।

শিক্ষা খাতেও বিজিবির অবদান উল্লেখযোগ্য বলে জানান স্থানীয়রা। পাহাড়ি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বিস্তারে শিক্ষা উপকরণ বিতরণ, বিদ্যালয় সংস্কার এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করছে বাঘাইহাট ব্যাটালিয়ন।
স্থানীয় পাহাড়ি জনগণ বিজিবির এসব মানবিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি দৈনন্দিন জীবনের নানা সংকটে বিজিবি তাদের জন্য আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
প্রসঙ্গত, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সেবার মাধ্যমে সাজেকসহ দুর্গম পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বিজিবির এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।