নির্বাচনী পরিস্থিতি নিয়ে লংগদুর রাজনগর জোনের প্রেস ব্রিফিং

নির্বাচনী পরিস্থিতি নিয়ে লংগদুর রাজনগর জোনের প্রেস ব্রিফিং

নির্বাচনী পরিস্থিতি নিয়ে লংগদুর রাজনগর জোনের প্রেস ব্রিফিং

0-0x0-0-0#

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ওপর অর্পিত সকল দায়িত্ব পালনে বাহিনীটি সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির রাজনগর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ্ নেওয়াজ তাসকিন।

তিনি বলেন, পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর জোন সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান জোন অধিনায়ক।

এ সময় তিনি আরও জানান, সীমান্ত এলাকায় সম্ভাব্য সব ধরনের ঝুঁকি বিবেচনায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) বর্তমানে সবচেয়ে সতর্কতা অবস্থানে রয়েছে।

ব্রিফিংয়ে জোন অধিনায়ক বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কঠোরভাবে অনুসরণ করছে। বাহিনীটি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।

তিনি জানান, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে বিজিবি পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে। নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দেশের প্রায় ৪,৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত যথাযথভাবে সুরক্ষিত রেখেই নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি। এ লক্ষ্যে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

জোন অধিনায়ক আরও জানান, দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা ব্যতীত—কুতুবদিয়া, হাতিয়া, সন্দীপ, দাকোপ, মনপুরা ও রাঙাবালি—মোট ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবে।

ভোটাররা যাতে নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি। একই সঙ্গে ভোটারদের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে জনগণের অংশগ্রহণ আরও বাড়ে।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে উল্লেখ করে লে. কর্নেল শাহ্ নেওয়াজ তাসকিন বলেন, এ সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, জালনোট প্রবেশ, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি জানান, নির্বাচন উপলক্ষে রাঙামাটি জেলার সীমান্তবর্তী এলাকার বিওপিসমূহে জনবল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি বডি-অর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারের মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারি জোরদার করা হয়েছে। বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) মোট ৪টি উপজেলায় ১৪টি ইউনিয়ন ও ৪৩টি ভোটকেন্দ্রের আওতাভুক্ত ভোটারদের সুষ্ঠু ও অবাধ ভোট প্রদানের লক্ষ্যে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। এর মধ্যে একটি স্থানে প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।

ব্রিফিংয়ের শেষাংশে জোন অধিনায়ক নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবেলায় সর্বস্তরের জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

এসময় প্রেস ব্রিফিংয়ে রাজনগর জোনের মেডিক্যাল অফিসার মেজর ইমরান, সহকারী পরিচালক কে এইচ এম গোলাম কিবরিয়া ছাড়াও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিজিবি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।