বান্দরবানে বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি গ্যাস গ্রেনেড উদ্ধার

বান্দরবানে বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি গ্যাস গ্রেনেড উদ্ধার

বান্দরবানে বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি গ্যাস গ্রেনেড উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান শহরের বাসস্ট্যান্ড এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুইটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গ্রেনেড দুটি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত গ্যাস গ্রেনেড বলে নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমান।

শনিবার বেলা আনুমানিক ১২টার দিকে শহরের বাসস্ট্যান্ড ব্রীজ সংলগ্ন এলাকা থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই সময় এক শিশু বাসস্ট্যান্ড এলাকার পাশে পলিথিনে মোড়ানো একটি শপিং ব্যাগ দেখতে পায়। ব্যাগটি খুলে ভেতরে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অবিস্ফোরিত অবস্থায় দুইটি গ্যাস গ্রেনেড উদ্ধার করে।

উদ্ধারকৃত শিশু তামিম ও শিমুল হক চৌধুরী জানান, তারা খেলতে গিয়ে ওই শপিং ব্যাগটি দেখতে পান। ব্যাগ খুলে ভেতরে অচেনা কিছু দেখে তারা ভয় পেয়ে যান এবং পরে তা পুলিশের এক সার্জেন্টের কাছে জমা দেন।

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমান সাংবাদিকদের বলেন, উদ্ধার হওয়া দুইটি বস্তু পুলিশের ব্যবহৃত গ্যাস গ্রেনেড। এগুলো মূলত মিছিল, সমাবেশ বা দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। তিনি স্পষ্ট করে বলেন, “৫ আগস্টের পর বান্দরবানে কোনো থানা বা ফাঁড়ি থেকে অস্ত্র বা গ্রেনেড লুটের ঘটনা ঘটেনি। আমাদের সংরক্ষিত স্টক থেকেও কোনো গ্রেনেড নিখোঁজ হয়নি।”

পুলিশ সুপার আরও বলেন, এই ঘটনায় সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং কীভাবে গ্রেনেড দুটি সেখানে এলো, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ঘটনার কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। বান্দরবানের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আমরা নিশ্চয়তা দিচ্ছি।”

প্রসঙ্গত, নির্বাচনের আগে প্রকাশ্যে এমন সামগ্রী উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ তৈরি হলেও পুলিশের পক্ষ থেকে বিষয়টিকে স্বাভাবিক ও নিয়ন্ত্রণযোগ্য বলে ব্যাখ্যা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি অনুযায়ী, বান্দরবানে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং যেকোনো সন্দেহজনক ঘটনার দ্রুত প্রতিক্রিয়ায় তারা প্রস্তুত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।