নির্বাচনে শান্তি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রস্তুত থানচির ৩৮ বিজিবি
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বান্দরবানের থানচির ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন বলে জানিয়েছেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরফাত হোসেন। তিনি বলেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় ৩৮ বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।
শনিবার সকাল ১০টায় ৩৮ বিজিবির কনফারেন্স রুমে আয়োজিত এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান জোন অধিনায়ক। ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন এবং বিজিবি সদর দপ্তরের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করাই বিজিবির লক্ষ্য, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
লে. কর্নেল ইয়াসির আরফাত হোসেন আরও জানান, ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে। একই সঙ্গে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রেরণামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট যেকোনো অপরাধ প্রতিরোধে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সকল ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কাজ করছে ৩৮ বিজিবি।
তিনি জানান, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে বিজিবি সদস্যরা। বান্দরবানের ৪৬ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি বান্দরবান সদর ও থানচি উপজেলায় মোট ১৬ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী থানচি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্বে থাকবে বলেও তিনি জানান।
ঝুঁকি বিবেচনায় ৩৮ বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে উল্লেখ করে জোন অধিনায়ক বলেন, বিজিবি সদর দপ্তরের বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিট মোতায়েন থাকবে। পাশাপাশি নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদর দপ্তরের র্যাপিড অ্যাকশন টিম (আরএটি), হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) সর্বদা প্রস্তুত থাকবে, যা প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম।
ব্রিফিং শেষে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে লে. কর্নেল মো. ইয়াসির আরফাত হোসেন বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে বিজিবি বিশ্বাস করে। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালনে বিজিবি অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, পার্বত্য বান্দরবানের সীমান্তবর্তী ও দুর্গম এলাকাগুলোতে নির্বাচনকালীন নিরাপত্তা বরাবরই একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়। সে প্রেক্ষাপটে ৩৮ বিজিবির এই প্রস্তুতি স্থানীয়ভাবে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।