অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কুতুবদিয়া–সন্দ্বীপে নৌবাহিনী প্রধানের মাঠপর্যায়ের পরিদর্শন
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজন নিশ্চিত করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত নৌবাহিনী কন্টিনজেন্টের প্রস্তুতি ও কার্যক্রম পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) তিনি কক্সবাজারের কুতুবদিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌবাহিনী সদস্যদের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ১৬টি সংসদীয় আসনের অন্তর্গত ২৫টি উপজেলায় দায়িত্ব পালন করছে। পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান কুতুবদিয়া ও সন্দ্বীপে অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও ডিজিএফআই, এনএসআই, র্যাব, কোস্ট গার্ড, আনসার এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নৌবাহিনী প্রধান বলেন, সাধারণ জনগণ যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

একই সঙ্গে ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন তিনি।
নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে উপকূলীয় ও দ্বীপাঞ্চলে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে নৌবাহিনী। ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন্স এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েনের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বোট প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহলের যে কোনো অপতৎপরতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি নিয়মিত টহল ও ফুট পেট্রোলিং চালু রেখেছে নৌবাহিনী। যে কোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ও সোয়াডস টিম সর্বদা প্রস্তুত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বাংলাদেশ নৌবাহিনী বদ্ধপরিকর বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।