কক্সবাজারে বিজিবির কড়া নজরদারি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার
![]()
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় কক্সবাজারে ব্যাপক তৎপরতা শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষার পাশাপাশি নির্বাচনী এলাকায় অপরাধ দমনে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার ভিডিপির সাথে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করছে এই সীমান্তরক্ষী বাহিনী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার শহরের মাঝির ঘাট সংলগ্ন খুরুশকুল সংযোগ সেতু এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে বিজিবি প্রথাগত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে বিওপি সমূহে জনবল বৃদ্ধির পাশাপাশি ব্যবহার করা হচ্ছে বডি অর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস্, বাইনোকুলারসহ অত্যাধুনিক সরঞ্জামাদি।
বিজিবির অধিনায়ক জানান, গত ২৯ জানুয়ারি থেকে কক্সবাজার সদর ও ঈদগাঁও এলাকায় মোট ১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট বা চৌকি স্থাপন করে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।
তিনি স্পষ্ট করে বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল দল ও প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে বিজিবি সচেষ্ট রয়েছে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।’
সংবাদ সম্মেলন শেষে লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমের উপস্থিতিতে কক্সবাজার শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ খুরুশকুল ব্রিজ এলাকায় বিজিবির একটি অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করা হয়। সেখান দিয়ে যাতায়াতকারী যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম শুরু করেছে বিজিবি সদস্যরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।