নাগাল্যান্ডে নতুন প্রশাসনিক কাঠামো: ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি গঠনে চুক্তি স্বাক্ষর
![]()
নিউজ ডেস্ক
ভারতের নাগাল্যান্ডের পূর্বাঞ্চলের জন্য পৃথক প্রশাসনিক কাঠামো গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি (এফএনটিএ) গঠনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকার, নাগাল্যান্ড রাজ্য সরকার এবং ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ইএনপিও)-এর মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ দিনটিকে নাগাল্যান্ডের জনগণের জন্য ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংঘাতমুক্ত, সহিংসতামুক্ত ও উন্নত উত্তর-পূর্ব ভারতের যে লক্ষ্য, এই চুক্তি তার বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করে বলেন, ইএনপিও ও নাগাল্যান্ড সরকারের মধ্যে সেতুবন্ধন তৈরি করেই এই সমঝোতা সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি পূর্ব নাগাল্যান্ডের জনগণের সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় সরকারের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও বলেন, এই ঐতিহাসিক চুক্তি রাজ্য সরকারের ন্যায়সংগত ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে নাগাল্যান্ডের সব অঞ্চল, বিশেষ করে দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা পূর্বাঞ্চলে উন্নয়নের সুফল আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
প্রসঙ্গত, পূর্ব নাগাল্যান্ডের স্বার্থ ও উন্নয়ন নিশ্চিত করতে ইএনপিও দীর্ঘদিন ধরেই পৃথক প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়ে আসছিল, যার প্রেক্ষাপটেই এফএনটিএ গঠনের এই চুক্তিকে সংশ্লিষ্ট মহল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমঝোতা হিসেবে দেখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।