ভারতের সঙ্গে সৌদিসহ ছয় আরব দেশের চুক্তির প্রক্রিয়া শুরু

ভারতের সঙ্গে সৌদিসহ ছয় আরব দেশের চুক্তির প্রক্রিয়া শুরু

ভারতের সঙ্গে সৌদিসহ ছয় আরব দেশের চুক্তির প্রক্রিয়া শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের সঙ্গে ছয়টি আরব দেশের জোট ‘গালফ কোঅপারেশন কাউন্সিল’ বা জিসিসির সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই চুক্তির ফলে ভারতের বিভিন্ন শিল্প খাত, বিশেষ করে পেট্রোকেমিক্যাল এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাত উল্লেখযোগ্যভাবে লাভবান হবে। জিসিসির সম্প্রসারিত বাজারে আইসিটি খাতের কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে।

পীযূষ গয়াল আরও বলেন, এই অংশীদারত্বের আওতায় ভারত ও জিসিসির ছয় সদস্য দেশে যৌথভাবে অবকাঠামো উন্নয়নের জন্য একটি প্ল্যাটফর্ম বা ভিত্তি গড়ে তুলবে।

জিসিসির সঙ্গে ‘টার্মস অব রেফারেন্স’ স্বাক্ষর অনুষ্ঠানে পীযূষ গয়াল বলেন, আরও কার্যকর বাণিজ্য ব্যবস্থা শুরু করার এখনই উপযুক্ত সময়। এর মাধ্যমে পণ্য ও সেবার অবাধ প্রবাহ বাড়বে, নীতিগত স্থিতিশীলতা আসবে, দেশগুলোর বিনিয়োগকারীরাও উৎসাহিত হবে। একই সঙ্গে জিসিসির ছয় দেশ ও ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

গয়াল আরও বলেন, ‘এই পদক্ষেপ জিসিসি ও ভারত উভয়ের খাদ্য ও জ্বালানি নিরাপত্তাকে শক্তিশালী করবে। আমি বিশ্বাস করি, ভারত ও জিসিসি যত ঘনিষ্ঠভাবে কাজ করবে, ততই আমরা বিশ্বজুড়ে কল্যাণকর পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব।’

জিসিসির গত নভেম্বর মাসের বাণিজ্য বুলেটিনে দেখা গেছে, ২০২৪ সালে জোটটির দ্বিতীয় বৃহত্তম পণ্য বাণিজ্য অংশীদার ছিল ভারত। ওই বছরে ভারত ও জিসিসির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৫৭ দশমিক ৯ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, ‘গালফ কো-অপারেশন কাউন্সিল’ বা জিসিসির দেশগুলো হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।