দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ‘নির্বাচনী মহড়া–২০২৬’ অনুষ্ঠিত, পরিদর্শনে রিজিয়ন কমান্ডার
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ‘নির্বাচনী মহড়া–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দীঘিনালা জোনের ব্যবস্থাপনায় রসিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মহড়ার আয়োজন করা হয়।
নির্বাচনকালীন নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের সুরক্ষা এবং সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই ও সমন্বয় জোরদার করাই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য।

মহড়ায় ভোটকেন্দ্র ঘিরে দায়িত্ব পালন, নিরাপত্তা বেষ্টনী গঠন, সন্দেহভাজন পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া, ভোটগ্রহণ চলাকালে শৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিত পদক্ষেপের বিভিন্ন দৃশ্যপট অনুশীলন করা হয়।
নির্বাচনী মহড়াটি সরেজমিনে পরিদর্শন করেন সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক।

পরিদর্শনকালে তিনি মহড়ায় অংশগ্রহণকারী সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সমন্বিত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচনকে ঘিরে দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা ও জনবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।
এসময় দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আল-আমিন, উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ এবং মেজর মোঃ তৌকির আহমেদ উপস্থিত থেকে মহড়ার বিভিন্ন কার্যক্রম তদারকি করেন। তাদের নেতৃত্বে মহড়াটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্গম ও পাহাড়ি এলাকা হওয়ায় দীঘিনালা উপজেলায় নির্বাচনকালীন নিরাপত্তা বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর এ ধরনের নিয়মিত মহড়া ও প্রস্তুতিমূলক কার্যক্রম শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।