নাফ নদীপথে ব্যর্থ মাদকের বড় চালান পাচারচেষ্টা, নৌবাহিনীর অভিযানে জব্দ ৫ লক্ষ পিস ইয়াবা
![]()
নিউজ ডেস্ক
নাফ নদীপথ ব্যবহার করে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের আগেই ইয়াবার একটি বড় চালান ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) টেকনাফে নিয়োজিত নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ লক্ষ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের গতিবিধি সম্পর্কে আগাম তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর আভিযানিক দল নাফ নদী সংলগ্ন এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। একপর্যায়ে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ধাওয়া চালানো হলে মাদক কারবারিরা মাদকভর্তি বস্তাসমূহ ফেলে পালিয়ে যায়। পরে অভিযানস্থল থেকে এসব বস্তা উদ্ধার করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে উদ্ধারকৃত বস্তাসমূহ থেকে প্রায় পাঁচ লক্ষ পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নৌবাহিনী কর্তৃপক্ষ জানায়, দেশের সার্বিক নিরাপত্তা জোরদারকরণ, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। নাফ নদী ও উপকূলীয় এলাকায় মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়।
প্রসঙ্গত, নাফ নদীকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের অপচেষ্টা চললেও নৌবাহিনীর ধারাবাহিক অভিযান ও নজরদারির ফলে এসব কর্মকাণ্ড ক্রমেই ব্যর্থ হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।