আলীকদমে চাঁদাবাজি পরিকল্পনা ভেস্তে দিল সেনাবাহিনী, অস্ত্রসহ দুই ইউপিডিএফ সন্ত্রাসী আটক

আলীকদমে চাঁদাবাজি পরিকল্পনা ভেস্তে দিল সেনাবাহিনী, অস্ত্রসহ দুই ইউপিডিএফ সন্ত্রাসী আটক

আলীকদমে চাঁদাবাজি পরিকল্পনা ভেস্তে দিল সেনাবাহিনী, অস্ত্রসহ দুই ইউপিডিএফ সন্ত্রাসী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। সাধারণ জনগণের সাহসিকতা ও সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের একটি চাঁদাবাজির পরিকল্পনা নস্যাৎ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সেনাবাহিনী জানায়, গতকাল সোমবার (০২ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে আলীকদম উপজেলার লুলাইং এলাকার মারাইত্তা বাজারে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর তিন সদস্য চাঁদা আদায়ের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় উপস্থিত হয়। স্থানীয় সচেতন জনগণ বিষয়টি টের পেয়ে সাহসিকতার সঙ্গে এগিয়ে যান। সেনাবাহিনীর প্রতি আস্থা রেখে তারা মোং পেং মুরং নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে নিকটবর্তী লুলাইং আর্মি ক্যাম্পে হস্তান্তর করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোং পেং মুরং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজির চেষ্টার কথা স্বীকার করেছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল মারাইত্তা বাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় তল্লাশি চালায়। এ সময় মাটির নিচে সুকৌশলে লুকিয়ে রাখা একটি অত্যাধুনিক পিস্তল (এমএ-৫ এমকে-২) এবং ১৫ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়।

একই দিনে, পৃথক আরেক ঘটনায় তং পং মুরং নামের এক ব্যক্তি স্থানীয় কোয়ান্টাম ফাউন্ডেশন-এ গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ ওঠে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অপর একটি দল গজালিয়া এলাকায় অভিযান চালায়। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অভিযোগের প্রত্যক্ষ সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় মুচলেকা গ্রহণ সাপেক্ষে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আলীকদম এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।

পুলিশ জানায়, ভোরে লামা উপজেলার সরই ইউনিয়নের মারাইত্তা বাজার এলাকায় থেকে অস্ত্রসহ ইউপিডিএফ এর মোং পেং মুরং নামে এক সদস্যকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে লামা থানায় হস্তান্তর করা হয়। আটককৃত মোং পেং মুরং ঐ এলাকায় বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল বলে জানা যায়।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহাজাহান কামাল বলেন, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর এক সদস্যকে অস্ত্রসহ আটকের পর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পার্বত্য এলাকায় সশস্ত্র চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের তৎপরতা রোধে স্থানীয় জনগণের সহযোগিতা ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত পদক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।