লক্ষ্মীছড়িতে ১৫ মার্চের মধ্যে চাঁদা চেয়ে ইউপিডিএফের আল্টিমেটাম: গণচাঁদার চিঠি বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় আগামী ১৫ মার্চ ২০২৬-এর মধ্যে গণচাঁদা পরিশোধের জন্য গ্রামবাসীর কাছে চিঠি ও রশিদ পাঠিয়েছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (৩ মার্চ) পাঠানো চিঠিতে মোট ছয়টি ক্যাটাগরিতে চাঁদার হার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণি ৫০০ টাকা, দ্বিতীয় শ্রেণি ৪০০ টাকা, তৃতীয় শ্রেণি ৩০০ টাকা, ধানের মেশিনের জন্য ৫০০ টাকা, পাওয়ার টিলারের জন্য ১ হাজার টাকা এবং প্রতিটি দোকানের জন্য ৩০০ টাকা চাঁদা ধার্য করা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে এসব অর্থ সংগঠনের প্রতিনিধির নিকট জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই সংগঠনটি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে এভাবে চাঁদা আদায় করে আসছে। সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে তাদের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে এই অর্থ সংগ্রহ করা হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করা হলেও দৃশ্যমান কোনো আন্দোলন বা সাংগঠনিক কার্যক্রম দেখা যায় না।
আরও জানা গেছে, সংশ্লিষ্ট পাড়া প্রধান ও কারবারিদের নিকট একটি নির্ধারিত ফরম বিতরণ করা হয়েছে। ওই ফরমে আগামী ১৫ মার্চের মধ্যে গণচাঁদা সংগ্রহ করে সংগঠনের স্থানীয় প্রতিনিধির কাছে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
উল্লেখ্য, পার্বত্য এলাকায় চাঁদাবাজি ও অবৈধ অর্থ আদায়ের অভিযোগ নতুন নয়; এ ধরনের তৎপরতা স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।