রাঙামাটিতে ওলামা পরিষদের ইফতার মাহফিলে শান্তি ও সম্প্রীতির আহ্বান
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে শহরের বনরূপাস্থ একটি রেস্তোরাঁয় আয়োজিত এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ একরামুল রাহাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর প্রশাসক মোবারক হোসেন এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।

পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ, রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মোঃ ওমর আলী।
মাহফিলে বক্তারা পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক পরিস্থিতি, শান্তি ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি যেকোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও অস্থিতিশীলতা রোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তারা।
বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংযম, আত্মশুদ্ধি ও মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, রমজান কেবল ইবাদতের মাস নয়, বরং মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ সময়।
ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।