বাঘাইছড়িতে চাকমা তরুণীর স্বপ্নে আলোর প্রদীপ জ্বালাল বাংলাদেশ সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙামাটিতে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নিজের ছোট্ট ব্যবসা শুরু করার স্বপ্নের কথা জানিয়ে সহযোগিতা চেয়েছিলেন এক চাকমা তরুণী। কিন্তু প্রত্যাশিত সাড়া না পেয়ে যখন হতাশায় ভেঙে পড়েন, ঠিক সেই মুহূর্তেই তার পাশে দাঁড়িয়ে নতুন আশার আলো জ্বালায় সেনাবাহিনী।
তরুণী উদ্যোক্তা রিতা চাকমা (২৫) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকার ছয়নাল ছড়া গ্রামের বাসিন্দা। তার পিতা কমল কিষ্ট চাকমা (৬৫)। সীমিত সামর্থ্য সত্ত্বেও নিজের পায়ে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ছিল রিতার। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সহায়তার আবেদন জানান। কিন্তু কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে একপর্যায়ে হতাশ হয়ে পড়েন তিনি।
পরবর্তীতে বিষয়টি সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের নজরে এলে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নেয়। রিজিয়ন কমান্ডারের নির্দেশনায় বাঘাইহাট জোন অধিনায়কের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই রিতার জন্য একটি দোকান চালুর প্রয়োজনীয় সরঞ্জামাদি ও পণ্যসামগ্রী প্রদান করা হয়।
অপ্রত্যাশিত এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত রিতা চাকমা বলেন, “আমি ভাবিনি কেউ এভাবে পাশে দাঁড়াবে। এই সহায়তা শুধু একটি দোকান নয়, এটি আমার স্বপ্ন পূরণের নতুন পথ খুলে দিয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝেও ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, এ ধরনের উদ্যোগ শুধু একজন মানুষের জীবনই বদলায় না, বরং সমাজে আশা ও প্রেরণার বার্তা ছড়িয়ে দেয়। চেষ্টা ও সহমর্মিতা থাকলে যে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে—এই ঘটনাই তার প্রমাণ।
বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষায় নয়, মানবিক সহায়তা, শিক্ষা, চিকিৎসা, দুর্যোগ মোকাবিলা এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। রিতা চাকমার পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আবারও দেখিয়ে দিল, মানবিকতা এখনও বেঁচে আছে, আর সেই মানবিকতার হাত ধরেই বদলে যেতে পারে একটি জীবন, একটি পরিবার, এমনকি পুরো সমাজ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।