বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান শহরের মেঘলা এলাকায় পাহাড়ের নিচ থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার একটি দুর্গম এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রমেসিং মার্মা (৩০) ও তার চার বছর বয়সী মেয়ে বৃষ্টি মার্মা। তাদের বাড়ি মেঘলার কানা পাড়া এলাকায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে মা-মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আত্মীয়-স্বজনদের খোঁজাখুঁজির এক পর্যায়ে একটি উঁচু পাহাড়ের নিচে তাদের পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল-এর মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, পাহাড়ের চূড়া থেকে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে এবং প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান, মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।