হালদা নদীর উজানে অবৈধভাবে নির্মিত বাঁধ উচ্ছেদ করল মৎস্য অধিদপ্তর, সরঞ্জাম জব্দ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলায় দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী-এর উজানে অবৈধভাবে নির্মিত একটি বাঁধ উচ্ছেদ করেছে মৎস্য অধিদপ্তর।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার দশবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মানিকছড়ি থানা পুলিশ সহযোগিতা করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নদীর উজানে বাঁধ দিয়ে মাছ শিকারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে নদীর ভেতরে নির্মিত অবৈধ বাঁধটি অপসারণ করা হয়।

অভিযানকালে বাঁধ নির্মাণে ব্যবহৃত ট্রিপলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
মৎস্য কর্মকর্তা জানান, হালদা নদীর প্রাকৃতিক প্রজনন পরিবেশ রক্ষায় নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার একমাত্র দেশীয় প্রজাতির মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত হালদা নদীকে সংরক্ষণে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রেক্ষিতে ২০২৫ সালের ৫ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে নদীটিকে হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়। নদীর স্বাভাবিক ভারসাম্য রক্ষা এবং মৎস্য সম্পদের নিরাপদ অভয়াশ্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহ কাজ করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।