খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কর্তন: সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ জেলা প্রশাসকের
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকার মাস্টারপাড়ায় ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ নির্দেশনা দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।
জেলা প্রশাসক জানান, পাহাড় কাটার অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, প্রশাসনের নজর এড়িয়ে মানিকছড়ির দুর্গম খাড়িছড়া এলাকাসহ বিভিন্ন স্থানে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় কাটছে। এসব চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পাহাড় কাটা শুধু পরিবেশের জন্য হুমকি নয়, বরং এটি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে জনজীবনে বিরূপ প্রভাব ফেলে। তাই এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না।
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহাম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল উপজেলার একই ইউনিয়নের খাড়িছড়া এলাকায় চারটি পাহাড় কাটার খবর প্রকাশের পর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। এর ধারাবাহিকতায় জেলা প্রশাসনের এ পরিদর্শন ও কঠোর নির্দেশনা দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।