বরকলের সীমান্তে অদৃশ্য সিন্ডিকেটের বিস্তার, চোরাচালান ঘিরে উদ্বেগ বাড়ছে
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার সীমান্তঘেঁষা ছোটহরিনা অঞ্চলে অবৈধ চোরাচালানকে কেন্দ্র করে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পাহাড়ি দুর্গম এই এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা নেটওয়ার্কের মাধ্যমে ভারতীয় সীমান্তবর্তী অঞ্চল থেকে বিভিন্ন পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে মিজোরাম সীমান্ত দিয়ে অবৈধ সিগারেট, গবাদিপশু ও পপি বীজসহ বিভিন্ন পণ্য দেশে আনা হচ্ছে। এই কার্যক্রমে জড়িত একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রতিরাতে বিপুল পরিমাণ পণ্য পাচারের মাধ্যমে কোটি টাকার অবৈধ লেনদেন হচ্ছে বলেও দাবি করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, ছোটহরিনা বাজারকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী মহলের সহায়তায় এই চোরাকারবার পরিচালিত হচ্ছে। অতীতে একটি আওয়ামী লীগের জেলা পর্যায়ের এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় এসব কার্যক্রম পরিচালিত হলেও বর্তমানে কারা এর পেছনে রয়েছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
আরও অভিযোগ রয়েছে, এই অবৈধ বাণিজ্য থেকে অর্জিত অর্থের একটি অংশ পার্বত্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছেও পৌঁছাতে পারে, যা স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী দুর্গম এলাকা, দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও পর্যাপ্ত নজরদারির অভাব চোরাচালান কার্যক্রমকে সহজতর করে তুলছে। বিদ্যুৎ ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণেও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তৎপরতা ব্যাহত হচ্ছে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহল বলছে, অবৈধ চোরাচালান শুধু রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতির কারণই নয়, বরং এটি দীর্ঘমেয়াদে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। তারা দ্রুত তদন্ত, জড়িতদের চিহ্নিতকরণ এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, সীমান্তবর্তী এসব অঞ্চলে আইনশৃঙ্খলা জোরদার এবং নজরদারি বৃদ্ধি করা না হলে চোরাচালান সিন্ডিকেট আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।