রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত, দুই বোন আহত
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কুতুকছড়ি এলাকায় প্রতিপক্ষের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের উপজাতিভিত্তিক আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)এর সহযোগী সংগঠনের এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এ ঘটনায় তার আপন দুই বোন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে কুতুকছড়ি আবাসিক এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ধর্মশিং চাকমা (৪২) ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহতরা হলেন ভাগ্য শোভা চাকমা (৩৫) ও কৃপা সোনা চাকমা (৪০)। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে, তবে বিস্তারিত অবস্থা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, ভোরের দিকে একদল সশস্ত্র ব্যক্তি বাড়িতে ঢুকে ধর্মশিং চাকমাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় তার দুই বোন গুলিবিদ্ধ হন।
ঘটনার জন্য প্রতিপক্ষ সংগঠন সন্তু লারমার নেতৃত্বাধীন অপর সশস্ত্র সংগঠন জেএসএসকে দায়ী করা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে একটি সূত্র দাবি করেছে, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে নিজ দলের সন্ত্রাসীদের দ্বারাও এ ঘটনা ঘটে থাকতে পারে।
এদিকে এ ঘটনায় সংগঠনটির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের মুখপাত্র অংগ মারমা।
তিনি বলেন, ধর্মশিংহ চাকমা সাংগঠনিক কাজে বিভিন্ন এলাকায় অবস্থান করলেও ‘বৈসাবি’ উপলক্ষে নিজ বাড়িতে ছিলেন। শুক্রবার ভোরে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিরি সশস্ত্র সদস্যরা তাকে গুলি করে হত্যা করে বলে দাবি করেন তিনি। এ সময় তার দুই বোনও গুলিবিদ্ধ হন।
এ ঘটনার প্রতিবাদে কুতুকছড়ি এলাকায় অবরোধ কর্মসূচি পালন করছে ইউপিডিএফ। এছাড়া কিছুক্ষণ পর প্রতিবাদ সমাবেশ করার কথাও জানিয়েছে সংগঠনটি।
তবে এ বিষয়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস-এর দায়িত্বশীল কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, হাতে গুলিবিদ্ধ দুই নারীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে পরে বাড়িতে ফিরে গেছেন।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ইউপিডিএফের নেতাকর্মীরা, ফলে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
অন্যদিকে, রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, “ঘটনার বিষয়টি আমরা জেনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। লাশ উদ্ধার এবং পরিস্থিতি পর্যবেক্ষণের পর বিস্তারিত জানানো হবে।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র সংগঠনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও সহিংসতার ঘটনা ঘটে আসছে, যা স্থানীয় নিরাপত্তা পরিস্থিতিকে বারবার উদ্বেগের মুখে ফেলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।