রাঙামাটির রূপনগরে উচ্ছেদ আতঙ্ক: পুনর্বাসন ছাড়া কোনো পদক্ষেপ না নেওয়ার দাবি এলাকাবাসীর
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি শহরের রূপনগর এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসরত বাসিন্দাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদের উদ্যোগ নেওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২১ এপ্রিল) রূপনগর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ বিষয়ে অবিলম্বে কার্যকর ও মানবিক সমাধানের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এলাকাবাসীর পক্ষে হাবিবুর রহমান হবি বলেন, রূপনগর এলাকায় শত শত পরিবার কয়েক দশক ধরে স্থায়ীভাবে বসবাস করে আসছে। এটি তাদের শুধু আবাসস্থলই নয়, বরং পূর্বপুরুষের স্মৃতি ও জীবিকার কেন্দ্র। কিন্তু সম্প্রতি কোনো কার্যকর পুনর্বাসন পরিকল্পনা ছাড়া উচ্ছেদের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, হঠাৎ করে উচ্ছেদ কার্যক্রম শুরু হলে এলাকায় বসবাসরত শিশু, নারী ও বৃদ্ধরা চরম মানবিক সংকটে পড়বে। এতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন এবং শ্রমজীবী মানুষের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বক্তব্যে বলা হয়, যথাযথ পুনর্বাসন ছাড়া উচ্ছেদ সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী। উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধিতা না করলেও সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করে কোনো উন্নয়ন গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন বক্তারা।
এলাকাবাসীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে— স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম বন্ধ রাখা, উচ্ছেদ প্রয়োজন হলে আগে প্রতিটি পরিবারকে যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করা, দীর্ঘদিন বসবাসকারীদের স্থায়ী লিজ বা আইনি বন্দোবস্ত প্রদান এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনা করে মানবিক সমাধান নিশ্চিত করা।
বক্তারা আরও বলেন, তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান এবং কোনো সংঘাতের পথে যেতে চান না। তবে দাবি পূরণ না হলে বাধ্য হয়ে রাজপথে নামতে হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মো. তাজুল ইসলাম তাজ, আলমগীর হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে স্থানীয় পর্যায়ে এ বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট মহলের মতে, বিষয়টি মানবিক ও বাস্তবসম্মত সমাধানের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা জরুরি, যাতে কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।