কাপ্তাই হ্রদে তিন মাসের মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু আজ মধ্যরাত থেকে

কাপ্তাই হ্রদে তিন মাসের মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু আজ মধ্যরাত থেকে

কাপ্তাই হ্রদে তিন মাসের মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু আজ মধ্যরাত থেকে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে আজ শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাত থেকে তিন মাসের জন্য মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও ২৪ এপ্রিল মধ্যরাত থেকে ১ জুলাই মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে ২৫ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত জেলেরা তাদের ধরা মাছ ঘাটে অবতরণ করতে পারবেন।

নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে হ্রদে মাছ শিকার, পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ইতোমধ্যে জেলেরা তাদের জাল ও নৌকা হ্রদের পাড়ে তুলে রাখতে শুরু করেছেন।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর উপ-ব্যবস্থাপক মো. মাসুদ আলম জানান, চলতি বছর বিএফডিসির মৎস্য অবতরণ ঘাটে প্রায় ৯ হাজার ৫০০ মেট্রিক টন মাছ অবতরণ হয়েছে, যা থেকে প্রায় সাড়ে ২৩ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, মাছের বংশবৃদ্ধি, অবমুক্ত পোনার বিস্তার এবং প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিষয়টি প্রচারের জন্য নৌ ও সড়কপথে মাইকিং করা হয়েছে এবং নিষেধাজ্ঞা অমান্য করলে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি স্থানীয় বরফকলগুলোও বন্ধ রাখা হবে।

তিনি আরও জানান, বন্ধকালীন সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য দুই মাসের খাদ্যশস্য হিসেবে প্রতি পরিবারকে ২০ কেজি করে সহায়তা দেওয়া হয়েছে। এ পরিমাণ ৪০ কেজিতে উন্নীত করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছর হ্রদে প্রায় ৬০ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। কাপ্তাই হ্রদকে কেন্দ্র করে এ অঞ্চলের প্রায় ২৭ হাজার জেলে জীবিকা নির্বাহ করেন।

প্রসঙ্গত, প্রতিবছরের এ নিষেধাজ্ঞা হ্রদের মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এ সময়ে জেলেদের বিকল্প জীবিকার বিষয়টি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed