সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মাধবী মার্মার ২০ ভরি স্বর্ণ, টাকা আছে ২১ লাখের বেশি
![]()
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তিন পার্বত্য জেলা থেকে আলোচনায় আসা বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মাধবী মার্মার দাখিল করা হলফনামায় স্বর্ণসহ বিভিন্ন সম্পদের তথ্য উঠে এসেছে।
মাধবী ১৯৭৭ সালের ২ মার্চ জন্মগ্রহণ করেন, তিনি পেশায় একজন আইনজীবী। তাঁর শিক্ষাগত যোগ্যতা এলএলএম। দুই কন্যাসন্তানের জননী মাধবী মার্মার স্বামী বেসরকারি চাকরিজীবী।
নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী, মাধবী মার্মার নগদ টাকা আছে ৫২ হাজার ১৩২ টাকা, সোনালী ব্যাংকে আছে ১৪ লাখ ৫৫ হাজার ৫৮ টাকা, অগ্রণী ব্যাংকে আছে ৪ হাজার ৯১০ টাকা, একই ব্যাংকে ডিপিএস আছে ৭১ হাজার ৯৮৪ টাকা, ট্রাস্ট ব্যাংকে আছে ৬১ হাজার ৮৮১ টাকা, একই ব্যাংকে ডিপিএস আছে ৩ লাখ ২১ হাজার ২৩২ টাকা। স্বর্ণ আছে ২০ ভরি, বাসায় ইলেকট্রনিক সামগ্রী আছে ১ লাখ ৫০ হাজার টাকার। অর্জনকালীন মোট মূল্য ২১ লাখ ১৭ হাজার ১৯৭ টাকা। স্থাবর সম্পদ, দায় ও সরকারি পাওনা নেই।
মাধবী মার্মা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী আইন কর্মকর্তা (এপিপি) ছিলেন এবং অন্তর্বর্তী সরকারের আমলে তিনি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির কোনো পদে না থেকেও দলটির মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায়।
উল্লেখ্য, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলা থেকে চারজন করে মোট ১২ জন বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত সদ্য বিএনপিতে যোগ দেওয়া মাধবী মার্মাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।