টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনী-এর বিশেষ অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিও জব্দ করা হয়। পৃথক আরেকটি অভিযানে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে।
নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ মে) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার একটি ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। অভিযানকালে ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলিও জব্দ করা হয়।
এদিকে, একই দিনে পৃথক অভিযানে আলীখালী এলাকা থেকে নুর কবির নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
নৌবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক, অস্ত্র ও গোলাবারুদ এবং আটক আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।