রাঙামাটির লংগদুতে শহীদ রশিদ সরকার স্মরণে পিসিসিপির দোয়া মাহফিল
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে শোকাবহ ৪ মে আজ। রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও গণমানুষের নেতা শহীদ আব্দুর রশিদ সরকারকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
রশিদ সরকারের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার লংগদুতে পিসিসিপি লংগদু উপজেলা শাখা ব্যতিক্রমী ও মানবিক কর্মসূচি পালন করে।
কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিলের আগে নেতাকর্মীরা শহীদ রশিদ সরকারের কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে বিকেলে শহীদ আব্দুর রশিদ সরকারের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসিপি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা, স্থানীয় মুরব্বি এবিএস মামুনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে পিসিসিপি নেতারা শহীদ আব্দুর রশিদ সরকারের রাজনৈতিক জীবন ও অবদানের স্মৃতিচারণ করেন।
তারা বলেন, তিনি পাহাড়ের শান্তি ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার একজন অগ্রণী নেতা ছিলেন। তার হত্যাকাণ্ডের মাধ্যমে পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতার অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেন তারা।
এসময় বক্তারা তার হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি পাহাড়ে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাক্যাম্প বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।