বৈঠকের পর রাবিপ্রবির ভিসি কার্যালয়ের তালা খুললো ছাত্রদল, ফের কর্মসূচির হুঁশিয়ারি

বৈঠকের পর রাবিপ্রবির ভিসি কার্যালয়ের তালা খুললো ছাত্রদল, ফের কর্মসূচির হুঁশিয়ারি

বৈঠকের পর রাবিপ্রবির ভিসি কার্যালয়ের তালা খুললো ছাত্রদল, ফের কর্মসূচির হুঁশিয়ারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন সাময়িকভাবে শিথিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দুই দিন পর বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার দিকে উপাচার্যের কার্যালয়ের তালা খুলে দেন সংগঠনটির নেতা-কর্মীরা। তবে দাবি পূরণ না হলে সন্ধ্যা ছয়টা থেকে পুনরায় কার্যালয়ে তালা দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল।

এর আগে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্রদলের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর একাডেমিক ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনায়েদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মোহাম্মদ রহিম উদ্দিন, ছাত্র পরামর্শক সাদ্দাম হোসেন, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এবং ছাত্রদলের নেতাকর্মীরা। প্রায় তিন ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সন্ধ্যায় আন্দোলন শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় কর্মসূচি সাময়িকভাবে শিথিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে সন্ধ্যার পর আবারও উপাচার্যের কার্যালয়ে তালা দেওয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার উপাচার্য অধ্যাপক মো. আতিয়ার রহমানের পদত্যাগের দাবিতে তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদল। এসময় উপাচার্যের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি এবং স্থানীয় সংস্কৃতিকে অবমাননার অভিযোগ আনা হয়। তবে তালা দেওয়ার সময় উপাচার্য ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না। পরদিন বুধবারও কার্যালয়ে তালা ঝুলতে দেখা যায়।

অন্যদিকে উপাচার্য অধ্যাপক মো. আতিয়ার রহমান ছাত্রদলের আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। তাঁর দাবি, এ বিষয়ে তাঁকে কোনো সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দেওয়া হয়নি এবং অভিযোগের পক্ষে কোনো প্রমাণও উপস্থাপন করা হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *