ছোট হরিণা বিজিবির মেডিকেল ক্যাম্প: দুর্গম এলাকায় ৬০ জন অসহায় মানুষকে চিকিৎসা সেবা
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার দুর্গম এলাকা ছোট হরিণাতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১২ বিজিবির উদ্যোগে বুধবার সকালে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প আয়োজন করে স্থানীয়দের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।
বিজিবি ব্যাটালিয়ন প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৬০ জন স্থানীয় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে নিয়মিত স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন, সেখানে এই উদ্যোগ স্থানীয়দের জন্য বড় সহায়তা হিসেবে দেখা দিয়েছে।
মেডিকেল ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান জানান, বরকল উপজেলার এ্যারাবুনিয়া এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্যই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও উল্লেখ করেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষার দায়িত্বেই সীমাবদ্ধ নয়; বরং দেশের মানুষের কল্যাণে কাজ করাকেও সমানভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচনা করে।
স্থানীয়রা জানান, বরকলের মতো দুর্গম এলাকায় ১২ বিজিবি নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে। বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণসহ বিভিন্ন সহায়তার মাধ্যমে তারা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিজিবির এই ধারাবাহিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।