রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ২৪ ঘণ্টা হয়নি মামলা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে সংঘর্ষের ২৪ ঘণ্টা পার হলেও এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম জানান, হামলার ঘটনাটি প্রতিবেদন আকারে জেলায় পাঠানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। অপরদিকে আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট বাহিনী নিজস্ব সিদ্ধান্ত নেবে বলেও তিনি উল্লেখ করেন।
খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, অবৈধ বালু উত্তোলন এবং হামলার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের শনাক্ত করে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে রামগড় উপজেলার পূর্ব বলিপাড়া ও আশপাশের অন্তত ১০টি স্থানে কৃষিজমি ও খাল-ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। দেশীয় পাম্প মেশিন ও পাইপ ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বালুখেকোদের ইন্ধনে স্থানীয়দের একাংশ ‘সেচযন্ত্র নষ্ট করে দেওয়ার’ অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে শতাধিক নারী-পুরুষ ইট-পাটকেল নিক্ষেপ করে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে ইউএনওসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
ঘটনার পর একদিন পেরিয়ে গেলেও মামলা না হওয়া এবং কাউকে আটক না করার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ থেকে ৭ বছর ধরে রামগড়ের বিভিন্ন কৃষিজমি ও খাল-ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একাধিক প্রভাবশালী চক্র।
এই চক্রগুলো দীর্ঘদিন ধরেই প্রশাসনের নজরের মধ্যেই কার্যক্রম চালালেও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে। ফলে পরিবেশ ধ্বংস, কৃষিজমি নষ্ট হওয়া এবং স্থানীয় অবকাঠামোর ক্ষতির মতো সমস্যাগুলো দিন দিন বাড়ছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, নিরপেক্ষ তদন্ত, দ্রুত মামলা দায়ের এবং দোষীদের শাস্তির মাধ্যমে আইনশৃঙ্খলার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা জরুরি। অন্যথায় অবৈধ বালু উত্তোলন ও এ ধরনের সংঘর্ষ ভবিষ্যতে আরও বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।