রাঙামাটিতে বিজ্ঞান মেলার উদ্বোধন, ক্ষুদে শিক্ষার্থীর মিসাইল প্রদশর্নী
![]()
নিউজ ডেস্ক
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠন” প্রতিপাদ্যে রাঙামাটিতে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। শুক্রবার সকালে কুমার সুমিত রায় জিমনেসিয়ামে এ মেলার উদ্বোধন করেন নাজমা আশরাফী, রাঙামাটির জেলা প্রশাসক।
জুনিয়র গ্রুপের এ মেলায় জেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও প্রজেক্ট উপস্থাপন করেন। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বহুমাত্রিক প্রকাশে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
তবে মেলায় সবার দৃষ্টি আকর্ষণ করে লেকার্স পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী সুজন চাকমার ব্যতিক্রমী প্রকল্প। তার উদ্ভাবিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বোমা নিষ্ক্রিয় করার রোবট উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
সুজন চাকমা জানান, তার তৈরি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা রাডারের মাধ্যমে নিয়ন্ত্রিত। কোনো বহিরাগত মিসাইল দেশের আকাশসীমায় প্রবেশ করলে সেটি শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম। পাশাপাশি তার তৈরি রোবটের মাধ্যমে ঝুঁকিপূর্ণ বোমা নিরাপদে নিষ্ক্রিয় করা সম্ভব। প্রয়োজনে রোবটটি বোমাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে, যাতে মানুষের ক্ষয়ক্ষতি এড়ানো যায়।

তিনি আরও জানান, রোবটটি উচ্চ তাপমাত্রা সহনীয়—প্রায় ১৩০০ থেকে ১৫০০ ডিগ্রি পর্যন্ত তাপ সহ্য করতে পারে। তার মতে, এসব উদ্ভাবন আরও উন্নত ও যাচাই-বাছাই করা হলে দেশের সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উদ্বোধনের আগে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমা আশরাফী, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আলমগীর হোসেন এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিত চাকমা।
আয়োজকরা জানান, আগামী ১৭ মে পর্যন্ত মেলা চলবে এবং এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা আরও বিকশিত হবে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।