বান্দরবানের লামায় ইটভাটার জন্য পাহাড় কাটতে গিয়ে শ্রমিক নিহত
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের লামা উপজেলায় ইটভাটার জন্য পাহাড়ের মাটি কাটতে গিয়ে ধসের ঘটনায় মো. সাইফুল ইসলাম (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) গভীর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের রামখোলা এলাকায় অবস্থিত এসবিএম ব্রিক ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম একই এলাকার রাইম্যাখোলা গ্রামের মাহাবুব আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ব্রিকফিল্ডটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন গভীর রাতে তিনি অন্যান্য শ্রমিকদের সঙ্গে ইটভাটার জন্য পাশ্ববর্তী একটি পাহাড় থেকে মাটি কাটছিলেন। এ সময় হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়ে এবং তিনি মাটির নিচে চাপা পড়ে যান।

সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান কামাল জানান, পাহাড় কাটার সময় ধসে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
স্থানীয়রা জানান, ইটভাটার জন্য পাহাড় কেটে মাটি সংগ্রহের কারণে প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। এমন দুর্ঘটনা রোধে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ পাহাড় কাটার ওপর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।