উখিয়ায় বিদেশি মুদ্রাসহ রোহিঙ্গা আটক, নথিপত্র জব্দ
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ার লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে মো. তোহা নামে এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তার কাছ থেকে দেশি-বিদেশি মুদ্রা, জাতীয় পরিচয়পত্রের কপি, জন্ম সনদ, ব্যাংকের চেক বইয়ের পাতা ও মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।
শুক্রবার (১৫ মে) বিকেলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এর অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মো. তোহা উখিয়ার ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকের বাসিন্দা আহমদ হোসেনের ছেলে।

১৪ এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন জানান, বৃহস্পতিবার ১৪ মে চট্টগ্রাম থেকে আগমনকালে কক্সবাজার লিংক রোড এলাকায় পুরবী বাস থেকে নেমে টেকনাফগামী সি-লাইন বাসে ওঠার সময় তাকে যাচাই-বাছাই শেষে আটক করা হয়। এপিবিএন হেডকোয়ার্টার থেকে প্রেরিত গোপনীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। পরবর্তীতে তাকে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকে অবস্থিত নিজ শেল্টারে নেওয়া হয়। সেখানে হেড মাঝির উপস্থিতিতে তল্লাশি চালিয়ে নগদ টাকা ও বিদেশি মুদ্রাসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বাংলা টাকা ৫৩ হাজার, সৌদি রিয়াল ৩ হাজার ২৫০, মালয়েশিয়ান রিংগিত ৩ হাজার ৩০০ এবং ৬০০ মার্কিন ডলার। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের জাতীয় সনদপত্র, তার মেয়ে আনাস তোহার জন্ম সনদ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি চেক বইয়ের পাতা, অনলাইন জাতীয় পরিচয়পত্রের কপি এবং ব্যবহৃত একটি ভিভো ওয়াই১৭এস মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মোবাইল ফোনে তার নামে নিবন্ধিত দুটি সিম কার্ডও পাওয়া গেছে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এর অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।