খাগড়াছড়িতে তিন মাস বাঁশ কাটায় নিষেধাজ্ঞা বন বিভাগের
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি বন বিভাগ পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ বাঁশের টেকসই সংরক্ষণ ও বংশ বিস্তারের লক্ষ্যে আগামী ১ জুন থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বাঁশ আহরণ ও কর্তন নিষিদ্ধ ঘোষণা করেছে।
খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিভাগীয় বন কর্মকর্তা মৌঃ ফরিদ মিঞা জানান, বর্ষা মৌসুমে (জুন, জুলাই ও আগস্ট) বাঁশের প্রাকৃতিক বংশ বিস্তারের উপযুক্ত সময়। এ সময়ে বিভিন্ন প্রজাতির বাঁশ রাইজোম (Rhizome) এবং বীজের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জন্য প্রণীত কার্যকরী পরিকল্পনার আলোকে প্রতি বছর ১ জুন থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বাঁশ কাটায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরও একই সময়ের জন্য এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বন বিভাগের মতে, এ সময় নতুন বাঁশের কুঁড়ি গজানো ও বাঁশঝাড় পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। কিন্তু নির্বিচারে বাঁশ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পাহাড়ি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাই এই নিষেধাজ্ঞা বাঁশ সম্পদের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে সকলকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। নিষিদ্ধ সময়ের মধ্যে কেউ বনাঞ্চলে বাঁশ কাটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে এমন কোনো ঘটনা ঘটলে নিকটস্থ বন বিভাগ বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
খাগড়াছড়ি বন বিভাগ এ নিষেধাজ্ঞা কার্যকর করতে স্থানীয় জনপ্রতিনিধি, বননির্ভর জনগোষ্ঠী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।