বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি সিগারেট জব্দ, পালিয়েছে পাচারকারীরা
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
সোমবার (১৮ মে ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে পরিচালিত এ অভিযানে ESSE Lights ব্র্যান্ডের ৩০ কার্টুন সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশে নায়েব সুবেদার মো. আবুল কালামের নেতৃত্বে একটি টহল দল উগলছড়ি ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাথায় বহন করা প্লাস্টিকের বস্তা ফেলে পাহাড়ি পথ দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করেন। বস্তাগুলো খুলে দেখা যায়, এতে ESSE Lights ব্র্যান্ডের মোট ৩০ কার্টুন বিদেশি সিগারেট রয়েছে, যা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, “চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে তাদের কার্যক্রম চালানোর চেষ্টা করছে, তবে এসব অপতৎপরতা দমনে বিজিবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং টহল কার্যক্রম জোরদার করেছে।”
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।