দীঘিনালায় জাল নোট চক্রের তিন সদস্য গ্রেফতার, একাধিক জাল নোট উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাল নোট চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একই সিরিজ নম্বরের ৫০০ টাকার একাধিক কথিত জাল নোট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীঘিনালা থানার এসআই মো. রাজিব শেখের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মধ্য বোয়ালখালী সাবান ফ্যাক্টরি সংলগ্ন পাকা সড়ক থেকে তিনজনকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. হাবিব (৩২), মো. হাবিবুর রহমান (৩১) ও মো. গাজী আলম (৩২)। তারা সবাই একই এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ জাল নোট চক্রের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের মোট ৪টি কথিত জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি নোটে একই সিরিজ নম্বর পাওয়া গেছে, যা জালিয়াতির সুস্পষ্ট আলামত বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এসআই মো. রাজিব শেখ বাদী হয়ে দীঘিনালা থানায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫(অ)(ই) ধারায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই প্রানতোষ বনিককে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার বলেন, জাল নোট চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে জাল নোট সরবরাহের মূল উৎস শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।