পানছড়িতে বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুটের বেশি কাঠ জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়িতে অভিযান চালিয়ে ৪১৯ দশমিক ৫৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার ফাতেমানগর এলাকায় এ অভিযান চালানো হয়।
জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭ হাজার ৮৭৩ টাকা ৫০ পয়সা।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সদর দপ্তর থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ফাতেমানগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সুবেদার মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।
অভিযানে বৈধ কাগজপত্র ছাড়া মজুত করে রাখা ২৭১ টুকরা কাঠ জব্দ করা হয়। এর মধ্যে ২৫৩ দশমিক ০৩ ঘনফুট সেগুন কাঠের ১৯৩টি টুকরা এবং ১৬৬ দশমিক ৫২ ঘনফুট গামারী কাঠের ৭৮টি টুকরা রয়েছে। সব মিলিয়ে জব্দ করা কাঠের পরিমাণ ৪১৯ দশমিক ৫৫ ঘনফুট।
বিজিবি জানায়, অভিযান শেষে জব্দ করা কাঠগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য পানছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনকল্যাণে বিজিবির কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।