সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৫ মে) সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালির ওপারে মিয়ানমারের ডেকুবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ সালমান হোসেন (২৮) উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. নিজামত আলীর ছেলে।
ওই ক্যাম্পের রোহিঙ্গা নেতা মৌলভী জুবাইর জানান, সোমবার সকালে বালুখালী কাটাপাহাড় সীমান্তের ওপারে গেলে হঠাৎ স্থলমাইন বিস্ফোরণের শিকার হন সালমান। এতে তার এক পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অন্যান্য রোহিঙ্গাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় সালমানকে উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে অধিকাংশ ক্ষেত্রে রোহিঙ্গারা মিয়ানমার থেকে মাদক আনতে সীমান্ত অতিক্রম করে বলে অভিযোগ রয়েছে। অবৈধ কার্যক্রম ছাড়া তাদের সীমান্তের ওপারে যাওয়ার তেমন কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, সোমবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ মিয়ানমারের অভ্যন্তরে ডেকুবুনিয়া এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এফডিএমএন ক্যাম্প-১০-এর ব্লক জি/৯-এর বাসিন্দা মো. সালমান আহত হন।
তিনি আরও জানান, আহত সালমান পরে মিয়ানমার থেকে শূন্যরেখা অতিক্রম করে নাফ নদী সাঁতরে বিজিবির কাটাপাহাড় পোস্টের সামনে এসে পৌঁছান। সেখান থেকে বিজিবি সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালংয়ের একটি হাসপাতালে পাঠানো হয়। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।