সাংবাদিক এ এইচ এম ফারুকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হুমকির নিন্দা জানিয়ে নাগরিক সমাজের বিবৃতি
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা, জাতীয় সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় নিরাপত্তা ইস্যুতে দীর্ঘদিন ধরে লেখালেখি করে আসা জ্যেষ্ঠ সাংবাদিক ও গবেষক এ এইচ এম ফারুকের বিরুদ্ধে কথিত অপপ্রচার, ষড়যন্ত্র ও হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের ‘সচেতন নাগরিক সমাজ’।
মঙ্গলবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটি দাবি করে, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী ও মিয়ানমারভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরাকান আর্মি’র সমর্থক চক্র সাংবাদিক এ এইচ এম ফারুকের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ফারুক দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পার্বত্য অঞ্চলের ইতিহাস, ভূরাজনীতি, রাষ্ট্রীয় নিরাপত্তা ও সশস্ত্র তৎপরতা নিয়ে গবেষণা ও বিশ্লেষণধর্মী লেখালেখি করে আসছেন।
নাগরিক সমাজের প্রতিনিধিরা অভিযোগ করেন, পাহাড়ে সক্রিয় অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও রাষ্ট্রবিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তথ্যভিত্তিক লেখালেখির কারণেই তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। তারা দাবি করেন, সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ফারুকের বিরুদ্ধে ‘সাজানো অপপ্রচার’ চালানো হয়েছে, যা মূলত তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামের শান্তিপ্রিয় পাহাড়ি ও বাঙ্গালি জনগোষ্ঠীর একটি বড় অংশ এ এইচ এম ফারুকের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে আসছে এবং কোনো নির্দিষ্ট গোষ্ঠী পুরো পাহাড়ি সমাজের প্রতিনিধিত্ব করে না।
নাগরিক সমাজের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিক ফারুকের ওপর কোনো ধরনের হামলা বা ক্ষতির ঘটনা ঘটলে এর দায় সংশ্লিষ্ট উগ্রপন্থী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে নিতে হবে। একই সঙ্গে তারা দাবি করেন, এমন পরিস্থিতি তৈরি হলে সাধারণ পাহাড়ি ও বাঙ্গালি জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বিবৃতিতে রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি সাংবাদিক এ এইচ এম ফারুক ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।