লেবাননে দুর্গ দখলের পর বৈরুতে বিমান হামলার নির্দেশ নেতানিয়াহুর

লেবাননে দুর্গ দখলের পর বৈরুতে বিমান হামলার নির্দেশ নেতানিয়াহুর

লেবাননে দুর্গ দখলের পর বৈরুতে বিমান হামলার নির্দেশ নেতানিয়াহুর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে বিমান হামলার নির্দেশ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির মাঝে এমন নির্দেশকে ইসরায়েলের সবচেয়ে বড় উসকানি ও উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নেতানিয়াহুসহ প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সোমবার জানান, হিজবুল্লাহর পক্ষ থেকে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে বৈরুতের দক্ষিণাঞ্চলে ‘সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু’তে হামলার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে লড়াই কখনোই থামেনি। এর মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে আটশ’র বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে, হিজবুল্লাহও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এর আগে ধারণা করা হয়েছিল, যুদ্ধবিরতি চুক্তির আওতায় বৈরুত শহর ইসরায়েলি হামলার বাইরে থাকবে। ১৭ এপ্রিলের পর রাজধানীতে বোমা বর্ষণ কমলেও দক্ষিণাঞ্চলে অন্তত দুবার হামলা হয়েছে। সোমবার নেতানিয়াহু বিমান হামলার নির্দেশ দেওয়ার পরপরই সাধারণ মানুষ শহরতলী ছাড়তে শুরু করেন। গত তিন মাস ধরেই লেবাননে জোরপূর্বক বাস্তুচ্যুতির এমন চিত্র দেখা যাচ্ছে। দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকাসহ বিভিন্ন শহর ও গ্রাম মিলিয়ে ইতোমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে এক্সে দেওয়া এক পোস্টে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, তাঁর দেশ ইসরায়েলের নির্মম আগ্রাসনের মুখে পড়েছে। তিনি ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান, পাশাপাশি লেবাননের জনগণ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ অবসানে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বৈরুতে হামলার নির্দেশের আগে নেতানিয়াহু জানান, সেনাবাহিনী ঐতিহাসিক বোফোর্ট দুর্গ দখলে নিয়েছে। তিনি এটিকে যুদ্ধের একটি নাটকীয় মোড় হিসেবে উল্লেখ করেন। ভিডিও বার্তায় বলেন, ‘আমরা আগের চেয়েও অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে ফিরে এসেছি।’

বোফোর্ট দুর্গটি ২০০০ সালের আগেও দখলে নিয়েছিল ইসরায়েল। তখন তারা এটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে। নেতানিয়াহু বলেন, ‘এখন আমার নির্দেশ হলো হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে দখল আরও জোরালো ও সম্প্রসারিত করা।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *