লংগদুতে শোকসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হলো ভূষণছড়া গণহত্যা দিবস
![]()
নিউজ ডেস্ক
শোকসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে রাঙামাটির লংগদু উপজেলায় পালিত হয়েছে ভূষণছড়া গণহত্যা দিবস। সোমবার (১ জুন) বিকেলে উপজেলার বাইট্টা পাড়ায় মোটরসাইকেল সমিতি কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
অনুষ্ঠানে পিসিসিপি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব পরিষদের নেতা মোহাম্মদ আজিজুর রহমান আজিজ, পিসিসিপি লংগদু উপজেলা শাখার দপ্তর সম্পাদক জাহিদ বিন খলিল, পিসিসিপি মাইনীমুখ ইউনিয়ন শাখার সহ-সভাপতি আলাউদ্দিন তানজিমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
শোকসভায় বক্তারা বলেন, ভূষণছড়া গণহত্যাসহ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত বহু বর্বরোচিত ঘটনার শিকার হয়েছে বাঙালি জনগোষ্ঠী। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব হত্যাকাণ্ডের বিচার হয়নি। তারা অভিযোগ করেন, বর্তমানে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাধারণ পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ হত্যা, চাঁদাবাজি, অপহরণ এবং নির্যাতনের মতো ঘটনার শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন এবং হত্যা, গুম, অপহরণ, ধর্ষণ ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ জরুরি। তারা পাহাড়ে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
পরে ভূষণছড়া গণহত্যায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
প্রসঙ্গত, ১৯৮৪ সালের ৩১ মে রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ও পার্শ্ববর্তী এলাকায় সংঘটিত এক হত্যাকাণ্ডে চার শতাধিক বাঙালি নারী-পুরুষ নিহত হওয়ার দাবি করা হয়। এ ঘটনার বিচার ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) এবং অন্যান্য সংগঠন।
উল্লেখ্য, চার দশকেরও বেশি সময় অতিবাহিত হলেও ভূষণছড়া হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় নিহতদের স্বজন ও সংশ্লিষ্ট সংগঠনগুলো প্রতিবছর দিবসটি পালন করে বিচারের দাবি পুনর্ব্যক্ত করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।