ত্রিপুরা সীমান্তে বিএসএফের বিওপি পরিদর্শনে অমিত শাহ, দায়িত্বশীল ভূমিকার প্রশংসা
![]()
নিউজ ডেস্ক
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শুক্রবার (৫ জুন) ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত লঙ্কামুড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেছেন। এ সময় তিনি সীমান্তে মোতায়েন থাকা বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাকে সঙ্গে নিয়ে অমিত শাহ সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমে ব্যবহৃত বিএসএফের আধুনিক অস্ত্র ও নজরদারি সরঞ্জাম পরিদর্শন করেন।
এ সময় বিএসএফ কর্মকর্তারা বাহিনীর ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন এবং আন্তর্জাতিক সীমান্তে নজরদারি জোরদার ও নিরাপত্তা নিশ্চিতকরণে এসব সরঞ্জামের ভূমিকা তুলে ধরেন।
পরিদর্শনকালে অমিত শাহ বিএসএফ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে চা-আড্ডায় অংশ নেন। দেশের সীমান্ত সুরক্ষায় তাদের নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসাও করেন তিনি।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী লঙ্কামুড়া বিওপিতে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। এ সময় তিনি একটি আগর গাছের চারা রোপণ করেন।
ভারত-বাংলাদেশ সীমান্তের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে বিবেচিত লঙ্কামুড়া বর্ডার আউটপোস্টে এই সফরের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ আন্তঃসীমান্ত কার্যক্রম প্রতিরোধ এবং অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে কেন্দ্রীয় সরকারের গুরুত্বারোপের বিষয়টি তুলে ধরা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।