কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ি এলাকার অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাপ্তাইয়ে রাঙামাটি রিজিয়নের আওতাধীন ১১ আরই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ হাজার মানিক এলাকায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ এবং শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দাদের অনেকেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে আসেন। স্থানীয়দের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করতে আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসা নেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১১ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদের তত্ত্বাবধানে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসাররা আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য এ ধরনের চিকিৎসা ক্যাম্পের গুরুত্ব তুলে ধরে স্থানীয়রা বলেন, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক দরিদ্র মানুষের পক্ষে নিয়মিত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। ফলে নিজ এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
১১ আরই ব্যাটালিয়ন সূত্র জানিয়েছে, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।