কক্সবাজারের পেকুয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী নিখোঁজ
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছেন। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক নির্যাতনের জেরে তাকে হত্যা করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা মোরারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাজল রেখা (২০) স্থানীয় বাসিন্দা রাজিবুল ইসলাম রানার স্ত্রী। রানা মো. রাসেল ওরফে রাসেল মিকারের ছেলে। কাজল রেখার বাবার বাড়ি পেকুয়া পৌরসভার উত্তর গোঁয়াখালী এলাকায়। তার বাবা জসিম উদ্দিন গ্রাম পুলিশ হিসেবে কর্মরত।
নিহতের বাবা জসিম উদ্দিন জানান, শুক্রবার বিভিন্ন উপহারসামগ্রী নিয়ে মেয়ে শ্বশুরবাড়িতে যান। বিয়ের পর থেকেই মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কাজল রেখা বিভিন্ন সময়ে এসব নির্যাতনের কথা পরিবারকে জানিয়েছিলেন বলেও দাবি তার।
তিনি বলেন, শনিবার দুপুরে শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে হত্যা করেছে। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ২০২৫ সালে কাজল রেখার সঙ্গে রানার বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মাথায় মেয়ের মরদেহ দেখতে হবে কখনোই ভাবিনি।
স্থানীয়দের বরাতে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।