বেকার নারীদের আত্মনির্ভরশীল করতে দীঘীনালা জোনের উদ্যোগ: ৩ মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য অঞ্চলের নারী ও যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির দীঘীনালা জোনে ৩ মাসব্যাপী সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার দীঘীনালা জোন সদর প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন দীঘীনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল আল আমিন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশিক্ষণার্থী এবং জোনের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রশিক্ষণ কর্মসূচিতে দীঘীনালা, তারাবুনিয়া, কবাখালী ও বোয়ালখালী এলাকার বাঙ্গালি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
তিন মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সেলাই ও পোশাক তৈরির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে তারা বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জোন অধিনায়ক লেঃ কর্নেল আল আমিন বলেন, শুধু কর্মসংস্থানের জন্য অপেক্ষা না করে দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। বর্তমান সময়ে কারিগরি দক্ষতা একজন মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ দেখাতে পারে। সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং বেকার যুবক-যুবতীদের কর্মমুখী করে তুলতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত হতে পারবেন। অর্জিত দক্ষতা ভবিষ্যতে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক অবস্থানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, সেনাবাহিনীর এ ধরনের প্রশিক্ষণমূলক উদ্যোগ পার্বত্য অঞ্চলের বেকার নারী ও যুবসমাজের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে বাঙ্গালি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। দীঘীনালা জোনের এই সেলাই প্রশিক্ষণ কর্মসূচি সেই ধারাবাহিক মানবিক প্রচেষ্টারই একটি প্রশংসনীয় উদাহরণ, যা স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের অভিমত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।