দুর্ঘটনাকবলিত বাস থেকে যাত্রী উদ্ধার, মানবিকতায় এগিয়ে এলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের সকল যাত্রীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আহত তিনজনকে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, বিওপি থেকে প্রায় ৫০০ মিটার দক্ষিণে কেয়ারী ঘাট সংলগ্ন নৌ-পুলিশ ফাঁড়ির পাশে কক্সবাজার-টেকনাফগামী পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নম্বর: কক্সবাজার-জ-১১-০২৩২) নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে পাশের খালে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমদমিয়া বিওপির বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তাদের দ্রুত তৎপরতা, সাহসিকতা ও পেশাদারিত্বের কারণে বাসে থাকা সকল যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
দুর্ঘটনায় দুইজন নারী ও একজন শিশু গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বিজিবি জানিয়েছে, উদ্ধার অভিযানে অংশ নেওয়া সদস্যরা স্থানীয় প্রশাসন ও নৌ-পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করেন এবং দুর্ঘটনাস্থলে নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রম নিশ্চিত করেন।
বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা ও মানবিক সংকটে জনগণের পাশে দাঁড়ানো তাদের নিয়মিত দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।