সাঙ্গু নদীতে নিখোঁজের পাঁচ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ বান্দরবান

সাঙ্গু নদীতে নিখোঁজের পাঁচ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ বান্দরবান

সাঙ্গু নদীতে নিখোঁজের পাঁচ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ বান্দরবান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আরহাম আরফিন নোহান (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে বান্দরবান শহরের বালাঘাটা এলাকার শ্মশানঘাট সংলগ্ন শৈলশোভা এলাকায় সাঙ্গু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বন্ধুদের সঙ্গে নদীর তীরে অবস্থান করছিল নোহান। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে সে সাঙ্গু নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস, প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ব্যাপক অনুসন্ধান অভিযান পরিচালনা করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের পাঁচ দিন পর বুধবার সকালে স্থানীয়রা সাঙ্গু নদীতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহটি আরহাম আরফিন নোহানের বলে শনাক্ত করেন।

নিহত নোহান বান্দরবান শহরের বালাঘাটা বাজার এলাকার ব্যবসায়ী ও সাতকানিয়া হোটেলের মালিক মো. এনাম হোসেনের ছেলে। তার মৃত্যুর খবরে পরিবার, স্বজন এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, সাঙ্গু নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা মরদেহটি নিখোঁজ শিশু আরহাম আরফিন নোহানের বলে শনাক্ত করেছেন।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও নদীর স্রোত বৃদ্ধি পাওয়ায় সাঙ্গু নদীসহ পার্বত্য এলাকার বিভিন্ন নদ-নদীতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এ অবস্থায় অভিভাবকদের শিশুদের নদীর তীর ও ঝুঁকিপূর্ণ এলাকায় চলাফেরার বিষয়ে অধিক সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed