শৃঙ্খলাভঙ্গের অভিযোগ: বান্দরবানে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র ৪ নেতা বহিষ্কার
![]()
নিউজ ডেস্ক
দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর চার নেতাকে দলের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে বান্দরবানের উজানীপাড়ায় অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সাধারণ সম্পাদক মং শৈ প্রু ত্রিপুরা।
এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতি উবামং মারমা, সহ-সভাপতি তনদির বম, রাম তনসাং বম (মালেক) এবং সমন্বয়ক আশিষ ত্রিপুরা।
লিখিত ঘোষণায় জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অটল চাকমা, মংএনু মারমা, অনুপম চাকমা (অনু) এবং জীবন ত্রিপুরাকে দলের সকল কার্যক্রম ও সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘোষণাপত্রে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তিরা যদি দলের নাম বা পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অপরাধমূলক কিংবা উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত হন, তবে তার দায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) বহন করবে না।
দলীয় সূত্রে জানা যায়, বান্দরবান জেলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দলের আদর্শ, নীতি ও শৃঙ্খলা রক্ষার বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতারা জানান, দল সর্বদা শৃঙ্খলাভঙ্গের বিষয়ে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি অনুসরণ করে। বহিষ্কৃতদের দলীয় নাম-পরিচয় ব্যবহার করে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা না করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।