টেকনাফে মাদক মামলার পলাতক আসামিকে দেয়া হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব

টেকনাফে মাদক মামলার পলাতক আসামিকে দেয়া হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব

টেকনাফে মাদক মামলার পলাতক আসামিকে দেয়া হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এক ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দায়িত্ব পাওয়া ইউপি সদস্য আব্দুল মান্নানের বিরুদ্ধে একটি মাদক মামলায় পলাতক আসামি থাকার অভিযোগ রয়েছে।

বুধবার (২৪ জুন) প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর শাহপরীর দ্বীপ এলাকায় র‍্যাব-১৫ এর পরিচালিত একটি মাদকবিরোধী অভিযানে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় আব্দুল মান্নানের নাম অর্থদাতা ও মূল মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে মামলার পর থেকে তিনি গ্রেপ্তার হননি।

এদিকে, একজন বিতর্কিত ব্যক্তিকে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় স্থানীয়দের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারের সময়ে এমন সিদ্ধান্ত জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য কবির আহমদ বলেন, “আব্দুল মান্নানকে ঘিরে বিভিন্ন বিতর্ক রয়েছে। তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।”

সংরক্ষিত মহিলা সদস্য ও প্যানেল-৩ চেয়ারম্যান ফারিহা ইয়াসমিন বলেন, “বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগ করে তার কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আমি বিস্তারিত মন্তব্য করতে চাই না।”

দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, “প্যানেল চেয়ারম্যানের পদ শূন্য হওয়ায় স্থানীয় জনগণের স্বার্থ বিবেচনায় আমি দায়িত্ব গ্রহণ করেছি।” তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন গ্রেপ্তার হন। পরবর্তীতে প্যানেল চেয়ারম্যানদের বিভিন্ন কারণে দায়িত্বে পরিবর্তন আসে। এ অবস্থায় নতুন করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, “আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি রিট মামলার স্থগিতাদেশ এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে।”

তিনি আরও বলেন, “দায়িত্ব প্রদানের ক্ষেত্রে কোনো আইনি জটিলতা ছিল না। সকল প্রক্রিয়া বিধি অনুযায়ী সম্পন্ন হয়েছে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed